কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষ চেয়ারম্যান নুরুল হক নুর
কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষ চেয়ারম্যান নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষ চেয়ারম্যান নুরুল হক নুর। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানিয়েছে, মিছিল শেষে ফেরার পথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতাকর্মীদের ওপর আকস্মিকভাবে লাঠিচার্জ ও হামলা চালায়।
এতে নুরুল হক নুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহত নুরকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সংঘর্ষে গণঅধিকার পরিষদের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
ঘটনাস্থলে সংঘর্ষ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল কাকরাইল এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রায় আধা ঘণ্টা টানটান পরিস্থিতি চলার পর আইনশৃঙ্খলা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে আনে।
রাজনৈতিক প্রতিক্রিয়া হামলার পরপরই গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা জানায়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— “কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো? সেনাবাহিনীর পরিকল্পিত এই হামলার দায় সেনাপ্রধানকেই নিতে হবে।”
অন্যদিকে সংগঠনের কেন্দ্রীয় নেতা হান্নান মাসউদ এক বিবৃতিতে বলেন, “এই হামলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে স্তব্ধ করার ষড়যন্ত্র। জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”
বিক্ষোভ কর্মসূচি ঘটনার প্রতিবাদে রাতেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। সংগঠনটি ঘোষণা দিয়েছে, হামলার নিন্দায় আজ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
তদন্ত দাবি গণঅধিকার পরিষদের নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি ও নুরুল হক নুরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম দুই নাম্বার গেট এলাকায় রাস্তার ওপর টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে গণধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন।